করোনা মহামারির কারণে শিক্ষাদানের ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনে সরকার আরো মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘করোনার কারণে ছেলেমেয়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। (এখন) অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমারা সেখানে মনোযোগ দেবে। করোনাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারাবিশ্বেই এ অবস্থা।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইন উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যে সব জায়গায় বিদ্যুতের লাইন দেওয়া সম্ভব হচ্ছে না সে সব জায়গায় সোলারের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে চরাঞ্চলে সোলার ব্যবহার যাতে নিশ্চিত হয় সে ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত ৫৮ লাখ সোলার দেওয়া হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবেই গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।